দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিত্সা খুব বেশি প্রয়োজন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আপনারা সবাই জানেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। মাত্র ছয় মাস স্থগিত করে তাকে বাসায় রাখা হয়েছে। সেখানে তাকে (খালেদা জিয়া) বলা হয়েছে যে, তিনি চিকিত্সার জন্য বিদেশে যেতে পারবে না। অথচ তার চিকিত্সাটাই এখন বিদেশে সবচেয়ে বেশি প্রয়োজন।
গতকাল শুক্রবার উত্তরার নিজের বাসা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সিলেটে ‘এম এ হক স্বাস্থ্যসেবা’ কর্মসূচির উদ্বোধনকালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
সরকারের দুর্নীতির কারণেই করোনা ভাইরাস সারাদেশে সংক্রমিত বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের চরম অবহেলা, অবজ্ঞা, অজ্ঞানতা এবং তাদের যে একটাই লক্ষ্য চুরি সেই কারণেই আজকে করোনা পরিস্থিতি এই অবস্থায় দাঁড়িয়েছে, সারাদেশে ছড়িয়ে পড়েছে।
