নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি সম্পর্কে ‘আপত্তিকর ও অগ্রহণযোগ্য’ সংবাদ প্রচার করায় একটি ছাড়া ভারতের আর কোনো নিউজ চ্যানেল সম্প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে নেপালের কেবল অপারেটররা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভারতের ঐ সব নিউজ চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয় তারা।
নেপালের কেবল অপারেটররা ভারতীয় নিউজ চ্যানেলের সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিজেরাই নিয়েছে বলে বিবিসি নেপালি সার্ভিসের খবরে বলা হয়েছে। কেবল অপারেটরদের বরাত দিয়ে খবরে বলা হয়, নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলির সঙ্গে নেপালে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হউ ইয়ানচির বৈঠকসংক্রান্ত একটি খবর প্রকাশ করার পর এই সিদ্ধান্ত নিয়েছে কেবল অপারেটররা। বিভিন্ন সূত্রের উল্লেখ করে খবরে বলা হয়েছে, নেপাল সম্পর্কে আপত্তিকর খবর প্রচার করায় দিল্লিতে নেপালের দূতাবাস আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে অভিযোগ জানিয়েছে।
বিবিসির এক খবরে বলা হয়েছে, ভারত নিজেদের বলে দাবি করে, এমন বিতর্কিত ভূখণ্ড কালাপানি আর লিপুলেখকে নেপাল নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। আর এরপরই ভারতের সংবাদ মাধ্যমগুলো আপত্তিকর সংবাদ প্রকাশ করছে বলে অভিযোগ তুলেছেন নেপালের কেবল অপারেটররা। আপাতত অনির্দিষ্টকালের জন্য সম্প্র্রচার বন্ধ করলেও এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন কেবল অপারেটররা।
