করোনায় বিপর্যস্ত মার্কিন অর্থনীতি

৭০ হাজার কোটি ডলারের ‘বাই আমেরিকান’ উদ্ধার পরিকল্পনা বাইডেনের

আপডেট : ১১ জুলাই ২০২০, ০০:২৫

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটের সম্ভাব্য প্রার্থী জো বাইডেন করোনায় বিপর্যস্ত মার্কিন অর্থনীতির উদ্ধারে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তিনি ‘বাই আমেরিকান’ নীতির কথা উল্লেখ করে ৭০ হাজার কোটি ডলার বিনিয়োগ সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর বিবিসি ও আলজাজিরার

বৃহস্পতিবার বাইডেন তার পরিকল্পনা ঘোষণা করে বলেন, ৭০ হাজার কোটি ডলারের এ বিনিয়োগ হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বিনিয়োগ। তিনি ‘বিল্ড ব্যাক বেটার’ নীতি ঘোষণা করেছেন যার মাধ্যমে উত্পাদন ও প্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টি হবে। পেনসিলভানিয়ার শৈশবের শহর স্ক্রানটনে এক মেটালওয়ার্ক ফার্মে বক্তৃতায় বাইডেন বলেন, প্রেসিডেন্টের ব্যর্থতায় মানুষ এবং অর্থনীতিকে চরম মূল্য দিতে হয়। বাইডেন জানিয়েছেন, ৪০ হাজার কোটি ডলার আসবে আমেরিকান পণ্য বিক্রি করে। বাকি ৩০ হাজার কোটি ডলার আসবে প্রযুক্তি খাত থেকে। বাইডেন দর্শকদের বলেন, তার পরিকল্পনার মাধ্যমে অন্তত ৫০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি বলেন, অনেক হয়েছে। এখন দেশের ক্ষেত্রে প্রাধান্য কোনটি সেটিতে পরিবর্তন আনার সময় হয়েছে। বাইডেনের পরিকল্পনার মাধ্যমে দেশে দুর্যোগ নেমে আসবে বলে উল্লেখ করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনি প্রচারণা কমিটি।