বামনা (বরগুনা) সংবাদদাতা
বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে গত বুধবার রাতে অভিনব কায়দায় ৬টি গরু চুরি হয়। জানা যায়, ঐ গ্রামের আ. সালাম হাওলাদারের অস্ট্রেলিয়ান দুগ্ধজাত ৫টি গাভী এবং আবুল কালাম হাওলাদারের ১টি দুগ্ধজাত গাভী ট্রাকে করে চোরেরা চুরি করে নিয়ে যায়। গাভীগুলোর আনুমানিক মূল্য প্রায় চার লক্ষাধিক টাকা। আ. সালাম হাওলাদার জানান, তার দুগ্ধজাত গাভীগুলো গোয়ালঘরে শিকল দিয়ে বাঁধা ছিল। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গাভীগুলো দেখতে না পেয়েই চমকে যান এবং পাশেই ট্রাকের চাকার চিহ্ন দেখতে পান। ঐ গ্রামের আ. সোবাহান জানান, রাত দুইটার দিকে ট্রাক যাওয়ার শব্দ তিনি শুনতে পান এবং গরুর ডাকেরও শব্দ শুনতে পান। পরে বের হয়ে তিনি দেখতে পান যে ট্রাকটি উত্তরদিকে চলে যাচ্ছে। বামনা এলাকায় ট্রাকে করে গরু চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম ঘটল।
এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বামনা থানার অফিসার ইনচার্জ জিএম শাহনেওয়াজ জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করে পার্শ্ববর্তী বিভিন্ন থানায় বিষয়টি অবহিত করেছি। আশা করি অচিরেই চোর চক্রকে গ্রেফতার করতে সক্ষম হব।
