মাস্ক পরতে বলায় হামলা, প্রাণ গেলো বাস চালকের

আপডেট : ১১ জুলাই ২০২০, ১২:১৯

প্রাণঘাতী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে মাস্ক পরাকে কেন্দ্র করে হামলার শিকার হওয়া ফ্রান্সের বাস চালক ফিলিপ মঙ্গুইয়ো মারা গেছেন। শুক্রবার তার মেয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

গত রবিবার রাতে ফ্রান্সের বাইয়ন শহরে টিকেট ও মাস্ক ছাড়া কয়েকজন লোক বাসে উঠতে চায়। বাধা দিলে লোকগুলো মঙ্গুইয়োকে উপর্যুপরি ঘুষি মারেন। তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করেন চিকিৎসকরা। 

শুক্রবার বাস চালক ফিলিপ মঙ্গুইয়োর মেয়ে ম্যারি জানান, আমরা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চিকিৎসকরা এটির পক্ষে এবং আমরাও। 

এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। ইতোমধ্যে দুজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। বাকি আরো তিনজনের বিরুদ্ধেও হত্যা চেষ্টায় সহযোগিতার মামলা করা হয়েছে।  এই হত্যাকাণ্ডের ঘটনায় ওই অঞ্চলের চালকরা কর্মবিরতি শুরু করেছেন। অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালাবেন বলে জানা গেছে। 

ইত্তেফাক/এআর