ভৈরবে বিস্তীর্ণ এলাকা জুড়ে খিরা আবাদে লাভবান কৃষক

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:৩৯

কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে ১৩৯.৩২ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ভৈরব উপজেলা হচ্ছে অন্যতম। ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন আবাদি জমিতে নানা জাতের কৃষিপণ্য চাষাবাদ করা হয়। এর পাশাপাশি উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামের ওজুরিপাড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ করা হয়েছে খিরা। খিরা ক্ষেতের বিস্তীর্ণ অঞ্চলে যে দিকে চোখ যায় সেদিকে শুধু সবুজ আর সবুজ। যে কোনো পথচারীই দাঁড়াবে একটু ওই মনোমুগ্ধকর নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার জন্য। উপজেলা কৃষি বিভাগের কোনোরকম সহযোগিতা ছাড়াই প্রায় ৭০ কানি জমিতে এই মৌসুমে খিরা আবাদ করা হয়েছে।

জানা যায়, ওই এলাকার স্থানীয় যুবক কুদ্দুছ মিয়া ৭-৮ বছর আগে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাইশ মৌজা লালপুর থেকে খিরা চাষের পদ্ধতি শিখে সম্পূর্ণ নিজ উদ্যোগে তার এলাকায় রাজনগর গ্রামে আবাদ শুরু করে। খিরা আবাদ করে কুদ্দুছ মিয়া লাভবান হওয়ায় তাকে অনুসরণ করে ওই এলাকার অন্য কৃষকরা খিরা আবাদ শুরু করে। ওইসকল জমি উর্বর হওয়ায় ধীরে ধীরে খিরা চাষের ব্যাপকতা ছড়িয়ে পড়ে।

স্থানীয় কৃষক মো. আব্দুর রহিম, মজিবুর রহমান, হায়দার মিয়া,  মুসলিম মিয়া এই প্রতিবেদককে জানান, এই মৌসুমে আশ্বিন মাসের শেষের দিকে জমিতে খিরার বীজ বপন করা হয়। সঠিক পরিচর্যার মাধ্যমে খিরার চারা ২০/২৫ দিনে বড় হয়ে যায় এবং চারাতে খিরা ধরতে থাকে এবং তা থেকে কার্তিক, অগ্রহায়ণ এমনকি পৌষ মাস পর্যন্ত আবাদকৃত খিরা বিক্রি করা হয়।

তারা আরো জানান, এককানি জমিতে খিরা আবাদ করতে ৮-১০ হাজার টাকা খরচ হয় এবং তা থেকে খরচ বাদ দিয়ে কানি প্রতি ৩০-৩৫ হাজার টাকা লাভ হয়। তাই প্রতি বছর খিরা আবাদ করা কৃষকের সংখ্যা বাড়ছেই। তারা দুঃখ করে বলেন, আমরা উপজেলা কৃষি অফিস থেকে কোনোরকম পরামর্শ পাই না।

জানা যায়, শাক ও অন্যান্য সবজি আবাদ করার চেয়ে খিরা আবাদ করা সহজলভ্য হওয়ায় গত বছরের চেয়ে এই মৌসুমে ওই অঞ্চলের ৫০-৬০ জন কৃষক ক্ষীরা আবাদ করেছেন। তারা সপ্তাহে আবাদকৃত খিরা জমি থেকে ৩ থেকে ৪ দিনে ৪ মণ খিরা উত্তোলন করে থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন প্রধান এ প্রতিবেদককে বলেন, খিরা চাষিদের ব্যাপারে আমরা অবগত। অচিরেই তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উত্সাহ প্রদান করা হবে। যাতে তারা আরো ভালভাবে প্রেরণা নিয়ে আগামী মৌসুমে খিরা উত্পাদনে উদ্যোগী হয়।