তারিফ সৈয়দ
করোনা সংকটের এই সময়ে বেশকিছু নাটকের ইউনিট তাদের নতুন শুটিংয়ের কাজ শুরু করলেও সকলেই দ্বিধাগ্রস্ততায় দিন কাটাছেন। আতঙ্ক মোটেই কমছে না। কারণ এরই ভেতরে উত্তরার দুটি শুটিং বাড়ির কয়েকজনের করোনা পজিটিভ ধরা পড়ে। এদের মধ্যে একজন অভিনেতাও ছিলেন। এই অবস্থায় নাটকের শুটিং বন্ধ করতে বাধ্য হয়েছেন পরিচালক। নাটকটির অভিনয় শিল্পীরা ছিলেন অপূর্ব ও মেহজাবীন।
এর বাইরে বিচ্ছিন্নভাবে বেশকিছু নাটক ও মিউজিক ভিডিওর শুটিং হলেও তারা গুটিয়ে এসেছেন। কারণ করোনার আতঙ্ক কমছে না, বরং বেড়েই চলেছে। তবু এখনো এই আতঙ্কের মধ্যেও কেউ কেউ শুটিং করছেন বাধ্য হয়ে। কারণ এই কাজের ওপর নির্ভর করেই চলে অনেক মানুষের সংসার।
৪ মাস পর শুটিংয়ে ফিরেছিলেন তাহসান রহমান খান। টাঙ্গাইলে নাটকটির শুটিং করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন সায়লা সাবি। ‘সিঙ্গেল’ নামের নাটকটি পরিচালনা করছেন কাজল আরেফিন অমি। তবে করোনাকালে আপাতত আর কোনো নাটকের শুটিং করবেন না বলে জানিয়েছেন তাহসান। গত ৮ জুলাই নাটকে অংশ নিয়েই জানালেন, আপাতত এটাই শেষ কাজ। এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘ঢাকার বাইরে এক বড় ভাইয়ের রিসোর্টে নাটকটির জন্য বুকিং দিয়ে রেখেছিলাম। গত ৩ মাস কেউ ছিলেন না এখানে। নাটকের ইউনিটের সবাই বেশ কিছুদিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
প্রযোজক-পরিচালক সতর্কতার জন্য যা দরকার, সবই করেছেন। তাই নাটকটির শুটিং করলাম। ভেবেছিলাম পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু সেটা হয়নি। আপাতত আর কাজ করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে এই দীর্ঘায়িত সংকটে নাটকের অগণিত প্রডাকশন কর্মী বেকার হতে চলেছে। আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন একাধিক নির্মাতা, কলাকুশলী। নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘কিছুদিন আগে আমি গল্প নয় নামের একটি নাটকের কাজ করেছি। কিন্তু সেটিও আমার খুব কাছের আর্টিস্টদের নিয়ে তাদের বাসায় কাজগুলো করেছি। এখন একটি নাটকের শুটিং শেষ করে এডিটিং টেবিলে কাজ করছি। সবারই কাজ কমছে বা কমাতে হচ্ছে। এ ব্যাপারে আমি মনে করি সরকারের হস্তক্ষেপ খুব জরুরি। প্রণোদনা বা সহযোগিতাটাও ভীষণ প্রয়োজন।’
নির্মাতা মাসুদ সেজান বলেন, ‘নাটক ইন্ডাস্ট্রি এখন গভীর সংকটের দিন পার করছে। আমরা কবে স্বাচ্ছন্দে শুটিংয়ে ফিরতে পারবো, কেউ জানি না। কারণ এভাবে পরিস্থিতি অনুযায়ী গল্প বানানো যায় না। সেটি পারলেও একটি দুটি কাজ করা সম্ভব। নিয়মিত সোস্যাল ডিসটেন্স নিয়ে প্রতিটি নাটকের গল্প তৈরি করা যাবে ঠিকই, তবে আমরা দর্শক হারাবো।’
