বিনোদন ডেস্ক
সদ্যপ্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। যত সময় যাচ্ছে তার মৃত্যুর হিসেব-নিকেশ যেন ততোই জটিল হচ্ছে। ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর প্রাক্তন অফিসার এন কে সুদ দাবি করেছেন, আত্মহত্যা নয়, নিখুঁত পরিকল্পনা করে খুন করা হয়েছে সুশান্ত সিং রাজপুতকে।
ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছেন কে এন সুদ। সেখানে তিনি বলেছেন, সুশান্ত সিং রাজপুতকে খুন করেছে দাঊদ ইব্রাহিম এবং তার গ্যাং। এই দাবির পেছনের কারণগুলোও ব্যাখ্যা করেছেন তিনি।
ভিডিওতে তিনি বলেন, ‘দাঊদ ইব্রাহিমের গ্যাং অনেকদিন ধরেই সুশান্তকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। এ কারণেই সুশান্ত মানসিক সমস্যায় ভুগছিলেন। সুশান্তের কাছের অনেকেও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।’
তিনি মনে করিয়ে দেন যে, সুশান্তের মৃত্যুর আগের দিন তার বাড়ির সব সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়। এতে বোঝা যায় যে, এটা একটি পরিকল্পিত খুন। শুধু তাই নয়, মৃত্যুর হুমকি এড়ানোর জন্য সুশান্ত ৫০ বারের মতো সিম বদলেছেন। মৃত্যুর ভয়ে গাড়িতেও ঘুমাতেন তিনি।
এন কে সুদ দাবি করেন, সুশান্তের গৃহকর্মী, বন্ধু সন্দীপ সিং এবং বলিউডের কয়েকজন হর্তাকর্তা এই খুনের সঙ্গে জড়িত।
উল্লেখ্য, গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় তাকে। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, আত্মহত্যা করেছেন সুশান্ত। তিনি বিষণ্নতায় ভুগছিলেন। তবে কোনো সুইসাইড নোট রেখে যাননি সুশান্ত।
