সৈয়দ আশরাফের মৃত্যুতে কিশোরগঞ্জে শোকের ছায়া

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:৪৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রী ও কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যাওয়ার খবর প্রচারিত হওয়ার পর দলমত নির্বিশেষে সকল মহলে শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা রাতেই জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছুটে আসেন। তার পৈতৃক ভিটা কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল-বীরদামপাড়া গ্রামে শুক্রবার সারা দিন এলাকাবাসী ভিড় করেন- যদিও এই বাড়িতে এখন তার পরিবার-পরিজন কেউ বসবাস করেন না।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান সাজাহান বলেন, সৈয়দ আশরাফের মৃত্যুতে কিশোরগঞ্জ তথা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই পূরণ হবার নয়। আমরা একজন রাজনৈতিক অভিভাবক হারালাম।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল বলেন, সৈয়দ আশরাফ ছিলেন দেশের একজন সত্ ও নির্ভীক রাজনৈতিক ব্যক্তিত্ব। লোভ-লালসার ঊর্ধ্বে উঠে তিনি দেশের জন্য কাজ করে গেছেন। তিনি ছিলেন জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত। দেশের ক্রান্তিলগ্নে তিনি সাহসিকতার সাথে দলের হাল ধরেছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, সৈয়দ আশরাফ দেশ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ একজন নেতা ছিলেন। তিনি ছিলেন খুবই শান্তিপ্রিয়। সকল দলের নেতাদের প্রতি তিনি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। তার কারণেই জেলায় সরকারি ও বিরোধী দলের শান্তিপূর্ণ সহাবস্থান ছিল।

এদিকে হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, টেলিভিশনে তার মৃত্যু সংবাদ প্রচারের সাথে সাথে শোকে স্তব্ধ হয়ে পড়েছে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। প্রিয় নেতার মৃত্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নূরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মেবারিজসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।