জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় মইয়ার হাওরের পানির প্রচণ্ড ঢেউয়ে বিলীন হয়ে যাচ্ছে জগন্নাথপুর-চিলাউড়া সড়কের প্রায় অর্ধ কিলোমিটার। গতকাল শনিবার ঢেউয়ের কবল থেকে সড়কটি রক্ষায় স্থানীয় লোকজনকে স্বেচ্ছাশ্রমে কাজ করতে দেখা গেছে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক গ্রাম বন্যাকবলিত হয়। স্থানীয়রা জানান, মইয়ার হাওরের পানির প্রচণ্ড ঢেউয়ের আঘাতে এলজিইডির জগন্নাথপুর-চিলাউড়া সড়কের পৌর এলাকার বৈঠাখালী সেতুর পশ্চিম পাশ থেকে যাত্রাপাশা এলাকা পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার সড়ক বিলীন হয়ে যাচ্ছে। ফলে জগন্নাথপুরের সঙ্গে ভাটির জনপদ চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে গত মাসের শেষের দিকে সড়কটির ভাঙনকবলিত এলাকায় উপজেলা পরিষদের অর্থায়নে মাটিভর্তি জিও বস্তা দেওয়ার কারণে সড়কটির কিছু অংশ ঢেউয়ের কবল থেকে রক্ষা পায়। অব্যাহত বৈরী বাতাসে হাওরের ঢেউয়ের কারণে নতুন করে সড়কটির অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনের সৃষ্টি হয়। এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন করা হয়েছে। হাওরের পানির ঢেউয়ের কবল থেকে সড়কটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
