রাস্তায় বৃদ্ধের লাশ
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত এক বৃদ্ধের লাশ সত্কার করেছে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কালিহাতী উপজেলা শাখা। মৃত অমল শীল কালিহাতী পৌরসভার উত্তর চামুরিয়ার বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় তাকে সত্কার করা হয়। মৃত অমল শীলের স্ত্রী পবন রানী শীল বলেন, তার স্বামী ঠান্ডা-জ্বর ও কাশিতে ভুগছিলেন। শুক্রবার সকালে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অটোচালক তার লাশ রাস্তার ধারে ফেলে গেলে তিনি (স্ত্রী) ছাড়া লাশের কাছে অন্য কেউ আসেনি। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় সন্ধ্যায় তার দাহ করা হয়। এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, অমল শীল করোনায় মারা গেছেন—এই ভয়ে স্বজনরা কেউ এগিয়ে আসেনি। করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের দাফনসংক্রান্ত ইসলামী ফাউন্ডেশনের কালিহাতী কমিটির লিডার মওলানা মোহাম্মদ আবু হানিফ বলেন, লাশ দীর্ঘ সময় রাস্তায় পড়েছিল। পরে আমরা প্রশাসনের সহযোগিতায় লাশ দাহ করার ব্যবস্থা করি। কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, মৃত ব্যক্তির করোনা হয়েছিল কি না সেই পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
