রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল ও পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়া, সংষর্ষ হয়েছে। এ সময় ২০ নেতাকর্মী আহত হন এবং একটি প্রাইভেটকার ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১১টার দিকে উত্তর চরবংশী ইউপির খাসের হাট বাজারে এ সংষর্ষের ঘটনা ঘটে।
পরে তিন থানার পুলিশ (রায়পুর, সদর ও হাজিমারা পুলিশ ফাঁড়ি) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়পুর থানার ওসি আব্দুল জলিল বলেন, রাত থেকেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাচনের পর থেকে এই দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একাধিক মামলা থানা ও আদালতে রয়েছে বলে ওসি দাবি করেন।
