সুজানগর (পাবনা) সংবাদদাতা
উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ আবাদে খ্যাত পাবনার সুজানগরে পেঁয়াজ আবাদের ধুম পড়েছে। পৌষের হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে মাঠে মাঠে চলছে পেঁয়াজ আবাদ। উপজেলার বড় ও প্রান্তিক থেকে শুরু করে সকল পর্যায়ের কৃষক এখন পেঁয়াজ আবাদে ব্যস্ত।
জানা যায়, চলতি পৌষ মাসের প্রথম সপ্তাহ থেকে উপজেলার অধিকাংশ মাঠে পেঁয়াজ আবাদ শুরু হয়েছে। আবাদ কার্যক্রম চলবে মাঘ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৫০ হেক্টর জমিতে। ইতোমধ্যে স্থানীয় কৃষি শ্রমিকের পাশাপাশি রাজবাড়ি, ফরিদপুর, সিরাজগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, টাঙ্গাইল এবং মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কৃষি শ্রমিক সুজানগরে এসে পেঁয়াজ আবাদ করছে। সেইসঙ্গে স্থানীয় স্কুল-কলেজের ছাত্ররাও লেখাপড়ার ফাঁকে অন্যের জমিতে পেঁয়াজ আবাদ করে প্রতিদিন ৫ থেকে ৬শ’ টাকা উপার্জন করছে।
উপজেলার পেঁয়াজ চাষিদের বাড়িতে বাড়িতে চলছে নবান্ন উত্সবের ন্যায় পেঁয়াজ আবাদ উত্সব। বড় ও প্রান্তিক থেকে শুরু করে সকল পর্যায়ের পেঁয়াজ চাষিরা চলতি এ পেঁয়াজ আবাদের মৌসুমে তাদের বাড়িতে শীতকালীন চিতই ও ভাঁপা পিঠাসহ বিভিন্ন ধরনের ভাল-মন্দ খাবার আয়োজন করেন। এসব খাবার গৃহস্থদের পাশাপাশি তাদের আত্মীয়-স্বজন ও পেঁয়াজ শ্রমিকরা আয়েশ করে খেয়ে থাকেন। উপজেলার মানিকহাট গ্রামের বড় পেঁয়াজ চাষি ওমর আলী প্রামাণিক বলেন, এ উপজেলার একজন প্রান্তিক চাষিও ১০/১৫ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেন। সে কারণে এ সময় গোটা উপজেলায় নবান্ন উত্সবের মতো পেঁয়াজ আবাদ উত্সব দেখা দেয়।
