ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
ভোলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী ও দৌলতখান উপজেলার জয়নগর এলাকার রোকসানা বেগমের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলার খায়েরহাট হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তার সহপাঠী ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা জানান, গত ১০ জুন বিকালে স্বামী মো. রুবেলের একই উপজেলার দক্ষিণ জয়নগর ৪ নম্বর ওয়ার্ডের বাড়িতে রোকসানার রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনার পর এখন পর্যন্ত কোনো সঠিক পুলিশি তদন্ত হয়নি। মামলা গ্রহণসহ সঠিক পুলিশি তদন্তের মাধ্যমে এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান বক্তারা। বক্তব্য রাখেন নিহত রোকসানা বেগমের বাবা আবুল কাসেম, চাচা মো. আবু তাহের এবং তার কলেজের সহপাঠীরা।
