সংবাদ সংক্ষেপ

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৪৮

 

মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা সবুজ পরিবেশ আন্দোলনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে নেত্রকোনা মোক্তারপাড়ার মাঠে ফলদ বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল। সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের সহসভাপতি জাকারিয়া কবির।

বাঞ্ছারামপুরে ত্রাণসামগ্রী বিতরণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা উপজেলার ফরদাবাদ গ্রামে শনিবার ত্রাণসামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ ফরদাবাদ মৈত্রী সমিতি। স্থানীয় ড. রওশন আলম কলেজ মাঠে বিতরণের সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং মৈত্রী সমিতির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিয়া, প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সালামসহ ওয়ার্ড মেম্বার ও স্থানীয় সুধীজন। ২০০ পরিবারের প্রত্যেককে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল এবং এক কেজি ডাল দেওয়া হয়। 

শিক্ষার্থী ও দুস্থরা পেল খাদ্যসামগ্রী

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা হোসেনপুরে রফিকা-মুক্তাদীর উচ্চ বিদ্যালয়ের ৭৫০ জন ছাত্রছাত্রী ও এলাকার গরিব-দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে নিরাপদ দূরত্ব বজায় রেখে উপজেলার লাকুহাটি এলাকার রফিকা-মুক্তাদীর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এসব খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করে এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালক ও গাঙ্গাটিয়া ফিসারিজ লিমিটেডের মালিক আব্দুস সালাম।

গর্ভবতী মায়েদের দুধ, ডিম ও আম বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় জেলার স্থানীয় তহবিলের অর্থ থেকে দরিদ্র গর্ভবতী মায়েদের পুষ্টির লক্ষ্যে দুধ, ডিম বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কর্মসূচির অধীনে শনিবার পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গর্ভবতী মায়েদের সামাজিক দূরত্ব মেনে দুধ, ডিম ও আম বিতরণ করেন পঞ্চগড় জেলার করোনা ও ত্রাণ/প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমের মনিটরিং কর্মকর্তা ভূমি মন্ত্রণালয়ের সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী। জেলার ১৫০ জন দরিদ্র গর্ভবতী মায়ের মধ্যে দুধ, ডিম ও আম বিতরণ করা হয়।

করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, করোনা প্রতিরোধে লালমনিরহাটের দায়িত্বপ্রাপ্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক আবু জাফর, ৩৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান, সিভিল সার্জন নির্মলেন্দু রায় প্রমুখ।

ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ‘মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কনিজ আফরোজের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, রংপুর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে শনিবার রংপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী হয়। সকালে রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনার আয়োজিত জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনার রংপুর বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ও যুগ্মসচিব মো. মাহবুব আলম।

করোনাকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনাসংক্রান্ত মতবিনিময় সভা

নাটোর প্রতনিধি নাটোরে করোনাকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণকার্যক্রম এবং আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলার দায়িত্বপ্রাপ্ত পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।