নানা অপকর্মে ওদের টার্গেট ধনী পরিবার

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৫৮

গাজীপুরে শিশু অপহরণকারী দুই যুবক আটক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে ভাড়াটিয়া সেজে অপহূত শিশু আব্দুল্লাহকে (৫) মাদারীপুরের শিবচর এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর সংঘবদ্ধ অপহরণকারী চক্রের মূল পরিকল্পনাকারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছেন র্যাব-১-এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো নগরীর গাছা মধ্যপাড়া এলাকার মৃত সামসুর রহমানের ছেলে মো. আমির হোসেন সাগর ও নড়াইলের লোহাগাড়া থানার পাটগাতী এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে মো. আজম শেখ।

র্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আলম মামুন গতকাল তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, বাসা ভাড়া নেওয়ার এক দিন পর গত ৮ জুলাই দুপুরে গাজীপুর মহানগরীর গাছা এলাকার মো. আবদুল কাদেরের বাসা থেকে শিশু আবদুল্লাহ অপহূত হয়। অপহরণকারীরা পূর্বপরিকল্পিতভাবে বাসার মালিক মো. আবদুল কাদেরের স্ত্রী মোসা. সাজেদা আক্তারের কাছ থেকে তার শিশুসন্তান আবদুল্লাহকে (৫) কোলে নিয়ে কিছু খাবার কিনে দেওয়ার নাম করে বাসা থেকে নিয়ে পালিয়ে যায়। পরে শিশুটির মায়ের কাছে মোবাইল ফোনে কল দিয়ে মুক্তিপণের জন্য ৭ লাখ টাকা দাবি করে। অন্যথায় তাদের শিশুসন্তানের কিডনি বিক্রি করার পর হত্যার হুমকি দেয়।

 শুক্রবার সাইনবোর্ড এলাকা থেকে এই অপহরণকারী চক্রের মূল পরিকল্পনাকারী মো. আমির হোসেনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে, র্যাব ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি মো. আজম শেখকে আটক করে। এর আগে অপহূত শিশু আবদুল্লাহকে শুক্রবার সকালে মাদারীপুরের শিবচর এলাকার কাঁঠালবাড়ী ফেরিঘাট থেকে উদ্ধার করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা র্যাবকে জানায়, দীর্ঘ দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় অপহরণ, অজ্ঞান করে মালামাল লুটসহ নানাবিধ অপরাধমূলক কাজের সঙ্গে তারা জড়িত। এ কাজে সহায়তার জন্য তাদের একাধিক স্ত্রী রয়েছে। তারা দীর্ঘদিন যাবত্ ধনী পরিবারগুলোকে টার্গেট করে বিভিন্ন বাসায় এসব স্ত্রী দিয়ে বাসা ভাড়া নেয়। তারপর বাসার মালিকদের সঙ্গে সুসম্পর্ক হওয়ার পর সুযোগ বুঝে বাচ্চা অপহরণ, নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে বাসা লুট, নগ্ন ছবি তুলে বাড়ির মালিকদের জিম্মিসহ দুর্ধর্ষ কাজ করে আসছে।