রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের এক দিন পর গতকাল মেহেদী হাসান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ডেমরা ফায়ার সার্ভিসের একদল ডুবুরি রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ডাক্তারখালী এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করে। তার বাড়ি চাঁদপুর জেলার সদর থানার বিষ্ণুপুর গ্রামে। তার পিতার নাম জাহাঙ্গীর প্রধান।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক কে এম রিয়াজুল হক জানান, মেহেদী হাসান রূপগঞ্জের ডাক্তারখালী এলাকার একটি কারখানার শ্রমিক। গত শুক্রবার মেহেদী হাসান তার সহকর্মীদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সহকর্মীরা তীরে উঠলেও মেহেদী নিখোঁজ ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
