লোহাগড়ায় সাংবাদিকের বসতবাড়ি ভাঙচুর

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:৪৭

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

বৃহস্পতিবার রাতে লোহাগড়ায় সাংবাদিক সেলিম জাহাঙ্গীরের বাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউপির পারমল্লিকপুর গ্রামে দীর্ঘদিন ধরে দুলাল ঠাকুর গ্রুপ ও হেমায়েত হোসেন হিমু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে প্রথমে ২০১৬ সালের ১৬ আগস্ট পারমল্লি­কপুর গ্রামের মৃত মকসেদ মৃধার ছেলে কলা ব্যবসায়ী নূর ইসলামকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। ওই সময় অন্তত ২০জন আহত হন। পরে ওই হামলায় আহত একই গ্রুপের চিকিত্সাধীন ইকবাল মৃধাও মারা যায়। পরবর্তীতে ২০১৮ সালের ২১ এপ্রিল ঠাকুর গ্রুপের মৃত মকিম মৃধার ছেলে খায়ের মৃধা প্রতিপক্ষের হামলায় খুন হন। এসব ঘটনায় লোহাগড়া থানায় দায়ের করা সব মামলাই বিচারাধীন রয়েছে। ওই গ্রাম্য কোন্দলের জের ধরে ঘটনার রাতে দুলাল ঠাকুর গ্রুপের লোকজন হিমু গ্রুপের সদস্য লোহাগড়া প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম জাহাঙ্গীরের বাড়ি ভাঙচুর করে। সেলিম জাহাঙ্গীর ভোরের ডাক পত্রিকার স্থানীয় প্রতিনিধি।

লোহাগড়া থানার এসআই সবুর বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।