গোপালগঞ্জে নিখোঁজ এনজিও কর্মকর্তা এখনও উদ্ধার হয়নি

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:৪৭

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নিখোঁজ এনজিও কর্মকর্তা রাইচরণ বিশ্বাসকে এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। তিনি মুকসুদপুর উপজেলা সদরের বেসরকারি উন্নয়ন সংস্থা আশার সিনিয়র লোন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। রাইচরণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ভৈরবনগর গ্রামের মৃত বিশ্বনাথ বিশ্বাসের ছেলে। এ ব্যাপারে আশার মুকসুদপুর ব্রাঞ্চ ম্যানেজার মো. বাবুল আক্তার মুকসুদপুর থানায় জিডি করেছেন।

আশার মুকসুদপুর ব্রাঞ্চ ম্যানেজার মো. বাবুল আক্তার বলেন, গত ২৩ ডিসেম্বর সকালে রাইচরণ অফিসে আসেন। তিনি সকাল ৮টার দিকে সাপ্তাহিক কিস্তির টাকা আদায় করতে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন এলাকায় যান। তিনি দুপুর ২টার মধ্যে অফিসে ফিরে না আসায় তার মোবাইলে ফোন দিয়ে বন্ধ পাই। তাত্ক্ষণিকভাবে আশা অফিসে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাকে খুঁজতে বের হয়। তাকে না পেয়ে বিষয়টি তার স্ত্রী মমতা হালদার ও মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করে জানাই। তারপর থেকে এখন পর্যন্ত রাইচরণের সন্ধান মেলেনি। এ ব্যাপারে আমি গত ২৩ ডিসেম্বর মুকসুদপুর থানায় জিডি দায়ের করেছি।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা বলেন, তদন্তে রাইচরণের নিখোঁজ হওয়ার যুক্তিসংগত কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। পরিবার ও এনজিও অফিস তার নিখোঁজ হওয়া সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। তাকে খুঁজে বের করতে অনুসন্ধান অব্যাহত আছে।