বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রক্ষা বাঁধ এলাকায় ভাঙন
অভিজিত্ ঘোষ, ভুঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রক্ষা দ্বিতীয় গাইড বাঁধ ভেঙে ২৩টি ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। এছাড়া আরো ছয়টি পরিবারের ঘরবাড়ির অংশবিশেষ নদীতে বিলীন হয়েছে। শনিবার গভীর রাতে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের বেলটিয়া উত্তরপাড়ার বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রক্ষা বাঁধ এলাকায় এই ভাঙন শুরু হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, সেতু কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সেতু (পূর্ব) গোহালিয়াবাড়ি হতে বেলটিয়া পর্যন্ত ৫০০ মিটার এলাকায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু রক্ষা গাইড বাঁধের কাজ শেষ করা হয়েছে। কিন্তু বাঁধের কাজ শেষ হওয়ার পরই ভাঙন শুরু হয়। এতে ভাঙনে ১০০ মিটার বাঁধ ভেঙে ব্লকগুলো নদীগর্ভে চলে গেছে। সেই সঙ্গে শনিবার থেকে রবিবার ভোর পর্যন্ত ২৩টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া আরো ছয়টি পরিবারের ঘরবাড়ি অর্ধেক নদীতে বিলীন হয়েছে।
দৃষ্টি প্রতিবন্ধী বীর মুক্তিযোদ্ধা বাহাজ উদ্দিন বলেন, নদীর ভাঙনে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া আমার ‘বীরনিবাস’ ভেঙে নদীর গর্ভে চলে গেছে। কোথায় যাব, কোথায় থাকব। কোথাও থাকার জায়গা নেই।
বেলটিয়া উত্তরপাড়ার নুরুল ইসলাম, সামাদ, সাইবালী, হযরত মওলানা বলেন, রাতের মধ্যেই বাড়িগুলো নিমিষেই নদীতে বিলীন হয়ে গেছে। ঘরের আসবাবপত্র সরানোর সময় পাইনি। সেতু কর্তৃপক্ষের দেওয়া বাঁধ ভেঙে ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। এছাড়া বাকি অংশটুকু পানি উন্নয়ন বোর্ড বিগত দুই বছর ধরে ভাঙনরোধে কাজ করবে বলে আসছে কিন্তু তারা কাজ করছে না।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী এহসানুল কবীর পাভেল বলেন, সম্প্রতি ৩০ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সেতু রক্ষা গাইড বাঁধের নির্মাণ কাজ শেষ করা হয়। বাকি অংশটুকু পানি উন্নয়ন বোর্ড কাজ করার কথা ছিল। কিন্তু এর আগেই ভাঙনে বাঁধের ৩৫ মিটার অংশ ভেঙে গেছে।
টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ভাঙনরোধে ভেঙে যাওয়া অংশে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলানো হবে। এরপর অনুমোদন পাওয়া গেলে আগামী মৌসুমে স্থায়ী বাঁধের কাজ শুরু করা হবে।
কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা বলেন, ভাঙনে ২৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাত্ক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রশাসন থেকে প্রত্যেক পরিবারকে নগদ ২ হাজার টাকা ও ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
