চাটমোহর (পাবনা) সংবাদদাতা
নাম তার পালোয়ান, খাওয়া, চলাফেরা আর গর্জন সব কিছুতেই যেন তারই ছাপ। এমনিতে শান্ত স্বভাবের হলেও অপরিচিত মানুষ দেখলেই গর্জন শুরু করে বলে তার নাম ‘পালোয়ান’ রেখেছেন খামারমালিক। চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা দক্ষিণপাড়া গ্রামের আব্দুল্লাহ আল মাসুদ তার খামারে লালনপালন করছেন এই পালোয়ানকে। ৩০ মণ ওজনের পালোয়ানের দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। খামারমালিক আব্দুল্লাহ আল মাসুদ জানান, ছয় বছর ধরে গরুর খামার করেছেন। দুই বছর আগে উপজেলার বোঁথড় গ্রামের একটি খামার থেকে ১ লাখ ২০ হাজার টাকায় গরুটি কেনেন। তারপর থেকে গত দুই বছর ধরে গরুটি লালনপালন ও দেশীয় খাবার খাইয়ে মোটাতাজা করেন। তার দাবি, বর্তমানে চার বছর বয়সি গরুটির ওজন বেড়ে দাঁড়িয়েছে ৩০ মণ। কোরবানি উপলক্ষ্যে গরুটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যে কয়েক জন ব্যাপারী বাড়িতে এসে পালোয়ানকে দেখে ৯ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন। ১৫ লাখ টাকায় বিক্রি করতে পারলে কিছু লাভ হবে বলে জানান মাসুদ।
এদিকে পালোয়ানের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আশপাশের এলাকা থেকে অনেকেই গরুটি দেখতে যাচ্ছেন।
