কলমাকান্দায় বন্যায় ১৬০৪ পুকুরের মাছ ভেসে গেছে

আপডেট : ১১ জুলাই ২০২০, ২২:০৭

পুঁজি হারিয়ে পথে বসেছেন অনেক মাছচাষি

নেত্রকোনা প্রতিনিধি

গত কয়েকদিনের প্রবল বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় নেত্রকোনার কলমাকান্দার ১ হাজার ৬০৪টি পুকুর পানিতে তলিয়ে গেছে। ফলে ঐসব পুকুরের সব মাছ ভেসে নদীতে চলে গেছে বলে পুকুর মালিকরা জানিয়েছেন। এতে পুঁজি হারিয়ে পথে বসেছেন অনেক মাছচাষি।

কলমাকান্দা সদরের চাঁনপুর এলাকার বাসিন্দা মাছচাষি নির্মল কর বলেন, ধার-দেনা করে এ বছর তিনি বাসাউড়া গ্রামে ৮ লাখ টাকার মাছ চাষ প্রকল্পে বিনিয়োগ করেন।

বড়খাপন এলাকার মাছচাষি শফিকুল ইসলাম বলেন, তিনি তিনটি পুকুরে বাণিজ্যিকভিত্তিতে মাছ চাষ করে আসছেন। বন্যার আশঙ্কায় পুকুরের পাড়ে জাল দিয়ে ঘেরও দিয়েছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি। ঢলের তোড়ে জালের বেড়া তো টেকেইনি, পাড়ও ধসে গেছে। চোখের সামনে দিয়ে প্রায় ৪ লাখ টাকার মাছ ভেসে গেছে। বিনিয়োগ করা টাকায় তারা মাছ বিক্রি করে লাভবান হবেন বলে আশা ছিল। কিন্তু বন্যায় তাদের সে আশা ভেঙে গেছে। এখন তারা ব্যাপক লোকসানের মুখে পড়ে দিশেহারা। নির্মল কর ও সাইফুল ইসলামের মতো এমন অনেকের স্বপ্নই ধূলিসাত্ করে দিয়েছে বন্যার পানি।

উপজেলা মত্স্য কর্মকর্তা অনিক রহমান বলেন, বন্যায় কলমাকান্দার ১ হাজার ৬০৪টি পুকুর পানিতে তলিয়ে গেছে। এতে উপজেলার আটটি ইউনিয়নে প্রায় ১ কোটি টাকার মত্স্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত মাছচাষিদের তালিকা করে জেলা মত্স্য কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।  নেত্রকোনা জেলা মত্স্য কর্মকর্তা ফজলুল কাবীর বলেন, বন্যায় মত্স্য সম্পদের যথেষ্ট ক্ষতি হয়েছে। মত্স্য সম্পদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে তা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।