হাসপাতাল পরিদর্শনে জেলার
দায়িত্বপ্রাপ্ত সচিব
বরিশাল অফিস
বরিশাল জেলায় দায়িত্বপ্রাপ্ত শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম গতকাল শনিবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় হাসপাতালের নানা সংকট তার কাছে তুলে ধরা হয়। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান ইত্তেফাককে জানান, ‘জেলায় দায়িত্বপ্রাপ্ত শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম শেবাচিম হাসপাতাল পরিদর্শনকালে নানা সুপারিশ তুলে ধরা হয়। হাসপাতালের চিকিত্সকসহ সংশ্লিষ্ট বিভাগের শূন্যপদ পূরণসহ অন্যান্য সুবিধা প্রদানের জন্য সুপারিশ করা হয়। এছাড়াও শেবাচিমের করোনা শনাক্তের জন্য একটি পিসিআর ল্যাব স্থাপন, করোনা চিকিত্সার জন্য প্রস্তুতকৃত ১৫০ শয্যাকে ৫০০ শয্যায় উন্নীতকরণসহ আইসিইউ, অক্সিজেন, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সুবিধা বৃদ্ধিকরণের সুপারিশ করা হয়।’ উল্লেখ্য, গত ২৫ জুন ইত্তেফাকে ‘চিকিত্সক সংকটে বেহাল বরিশালের স্বাস্থ্যসেবা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এই সুপারিশ করা হলো।
গতকাল বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সচিব। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে সৃষ্ট বর্তমান সার্বিক পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। স্বাস্থ্যসেবা উন্নয়নে বিভিন্ন সুপারিশের পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট এবং ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। সভায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, ৬২ ইস্ট বেঙ্গল শেখ হাসিনা সেনানিবাস এর লে. কর্নেল ফয়সল আবেদী হাসান, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
