দেবিদ্বার ( কুমিল্লা) সংবাদদাতা
বৃহস্পতিবার গভীর রাতে দেবিদ্বারে মুখে গামছা এবং হাত-পায়ে স্কচটেপ বেঁধে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতরা। তার নাম মোরশেদা বেগম (৭০)। তিনি উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামের মৃত আবদুল মান্নান সরকারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোরশেদা বেগম রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাড়িতে কেউ ছিল না। ডাকাতের ওই বাড়ির গেট ও দরজার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তাকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। শুক্রবার সকালে স্থানীয় লোকজন বাড়ির দরজার গ্রিল কাটা দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘাতকদের ধরতে পুলিশের অভিযান চলছে।
