স্পোর্টস রিপোর্টার
চলতি বছরের শুরুতে বিপরীতধর্মী অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশের দুটি দল। আকবর আলীর নেতৃত্বে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ যুবদল। আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ থেকে শূন্য হাতে ফিরেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বিশ্বকাপ জয়ের পর ঘরোয়া ক্রিকেটে নিজেদেরকে মেলে ধরার সুযোগটাই পাননি আকবর-রাকিবুলরা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঘরবন্দি সবাই। যা নিয়ে করোনাকালে প্রায়ই হা-পিত্যেশ করেছেন বিশ্বকাপজয়ী যুবারা। প্রায় চার মাস ধরে বন্ধ থাকা ক্রিকেট কবে শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়। করোনায় সৃষ্ট অনভিপ্রেত পরিবেশ আকবরদের মানসিকতায় প্রভাব ফেলছে। তাই তাদেরকে মনোবিদের মাধ্যমে মেন্টাল ট্রেনিং দেওয়া এবং মানসিকভাবে চাঙ্গা রাখতে পদক্ষেপ নিচ্ছে বিসিবি।
যুব ও নারী দলের জন্য মনোবিদ নিয়োগ দিচ্ছে বিসিবি। খণ্ডকালীনভাবে আকবর আলী, রুমানা-জাহানারাদের ক্লাস নিবেন আলী খান। পেশাদার এই মনোবিদ গত এক দশকে অনেকবার বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে জাতীয় দলের ক্রিকেটাররাই তার ক্লাস করেছেন। আরো একবার বিসিবি শরণাপন্ন হতে যাচ্ছে কানাডাপ্রবাসী এই বাংলাদেশি মনোবিদের। গতকাল বিসিবির উইমেন্স উইং ও মেডিক্যাল বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। আলী খান প্রতিটি দলের তিন থেকে পাঁচটি ক্লাস নিবেন। ক্লাসগুলো সবই হবে অনলাইনে। তবে এক ক্লাসে কত জন ক্রিকেটার থাকবেন, কয়টা গ্রুপ করা হবে, সময়সহ সবকিছু চূড়ান্ত করছে বিসিবির মেডিক্যাল বিভাগ। এসব চূড়ান্ত হয়ে গেলেই শুরু হবে ক্লাস।
বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এই প্রসঙ্গে গতকাল বলেছেন, ‘হ্যাঁ, আমরা নারী ক্রিকেট দলের জন্য আলী খানকে নিয়োগ দিচ্ছি। তিনি আগেও বেশ কয়েকবার আমাদের সঙ্গে কাজ করেছেন। এবারও কয়েকটা সেশন করবেন। আশা করছি এই মাস থেকেই শুরু হবে। আপাতত নারী ক্রিকেট দলের সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলও থাকবে।’
মূলত বাংলাভাষি, দেশের মানুষের মানসিকতা সম্পর্কে ধারণা আছে এবং অতীতে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন বলেই আবারও আলী খানকেই বেছে নিয়েছে বিসিবি। গতকাল বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আমরা মূলত আলী খানের সঙ্গে কথা বলছি যিনি আমাদের আগেও সাহায্য করেছিল। তাকে আমি আমাদের পরিকল্পনা ব্যাখ্যা করেছি। তিনিও আমাকে একটি পরিকল্পনা দিয়েছেন।’
নারী ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৯ দলের পর প্রয়োজনে জাতীয় দল তথা তামিম-মুশফিকদেরও মনোবিদের ক্লাস করানো হবে।
