ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ
স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। প্রথমবারের মতো আয়ারল্যান্ড দলে ডাক পেয়েছেন কার্টিস ক্যাম্পার ও জোনাথান গার্থ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি স্টুয়ার্ট টম্পসন ও শেন গেটকেটের। চোটের জন্য ছিটকে গেছেন ডেভিড ডেলানি।
সিরিজটি শুরু হবে আগামী ৩০ জুলাই। পরের দুই ম্যাচ হবে ১ ও ৪ আগস্ট। সবগুলো ম্যাচই হবে দর্শকশূন্য সাউদাম্পটনে। সিরিজটির জন্য বৃহস্পতিবার ২৪ জনের অনুশীলন ক্যাম্পের দল দেয় ইংল্যান্ড।
আগামী ১৮ জুলাই চার্টার বিমানে সাউদাম্পটনে যাবে অ্যান্ডি বালবার্নিও দল। সেখানে ২২ জুলাই নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৬ জুলাই খেলবে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে। এরপর ১৪ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। বাকি সাত জন থাকবেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে।
ইংল্যান্ড সফরের আয়ারল্যান্ড দল : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং (সহ-অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, পিটার চেইস, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জোনাথান গার্থ, টাইরন কেইন, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককলাম, কেভিন ও ব্রায়েন, উইলিয়াম পোর্টারফিল্ড, বয়েড র্যানকিন, সিমি সিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, গ্যারি উইলসন, ক্রেইগ ইয়াং।
