সিঙ্গাপুরের নির্বাচনে ক্ষমতাসীনদের জয়

আপডেট : ১১ জুলাই ২০২০, ২২:১৭

আসন ও ভোট বেড়েছে বিরোধীদের

g  বিবিসি

সিঙ্গাপুরে করোনা মহামারির মধ্যে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়েছে ১৯৬৫ সাল থেকে দেশটির ক্ষমতায় থাকা পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। শুক্রবারের ভোটের ফল লি সিয়েং লু’কে আরেক মেয়াদে প্রধানমন্ত্রী পদে বসার সুযোগ করে  দেবে। সিঙ্গাপুরের স্বাধীনতার জনক ও দীর্ঘদিনের শাসক লি কুয়ান ইউয়ের ছেলে লি ২০০৪ সাল থেকেই ক্ষমতায় আছেন।

পিএপি প্রত্যাশিত জয় পেলেও তাদের ভোট আগের তুলনায় অনেক কমেছে। চূড়ান্ত ফলে দলটি পার্লামেন্টের ৯৩টি আসনের মধ্যে ৮৩টি আসন পেয়েছে। তাদের পক্ষে গিয়েছ মোট ভোটের ৬১.২%। পাঁচ বছর আগের নির্বাচনে দলটি প্রায় ৭০ শতাংশের মতো ভোট পেয়েছিল। ক্ষমতাসীনদের ভোট কমার পাশাপাশি এবার ইতিহাসের সেরা ফল করেছে সিঙ্গাপুরের বিরোধী দল ওয়ার্কার্স পার্টি। পাঁচ বছর আগের তুলনায় কেবল ভোটই বাড়েনি তাদের, পার্লামেন্টের ১০টি আসনও কব্জা করেছে তারা।

বিশ্ব জুড়ে করোনা ভাইরাস মহামারির মধ্যে অনেক দেশ তাদের নির্বাচন পিছিয়ে দিলেও সিঙ্গাপুর সেই পথে হাঁটেনি। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরেই করোনা ভাইরাসে তুলনামূলক ভয়াবহ আঘাত হেনেছে। দেশটিতে ৪৫ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যাদের বেশির ভাগই বিদেশি শ্রমিক বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সিঙ্গাপুরের আগে মহামারির মধ্যে এপ্রিলে দক্ষিণ কোরিয়া এবং জুনে সার্বিয়ায় ভোট হয়েছে। ঐ দুই দেশেও ভোটাররা ক্ষমতাসীন দলকেই নির্বাচনে জয়ী করেছেন।