বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাহারা খাতুন

আপডেট : ১১ জুলাই ২০২০, ২২:৪১

চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গতকাল শনিবার বেলা ১১টায় বনানী কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে সেখানে তাকে মায়ের কবরে সমাহিত করা হয়। তার আগে সাহারা খাতুনকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাহারা খাতুুনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।

এছাড়া আইনমন্ত্রী আনিসুল হক, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন,                স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যারিস্টার শেখ মেয়র ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। দুইটি জানাজায় মানুষের ঢল নামে। তার জানাজায় স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকলেও নেতাকর্মীদের ভিড়ে ধাক্কাধাক্কি লেগে যায়। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বিষয়টি বারবার মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল। তার মরদেহ পাশে রেখে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তারা বলেন, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন সাহারা খাতুন। তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২৬ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান প্রবীণ এই রাজনীতিক। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী চিরকুমারী সাহারা খাতুনের বয়স হয়েছিল ৭৭ বছর। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ইউএস-বাংলার একটি বিশেষ বিমানে সাহারা খাতুনের মরদেহ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে পৌঁছায়। মরদেহ রাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়। গতকাল সকাল ১০টায় তেজগাঁও বায়তুশ শরফ জামে মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বনানী কবরস্থানে তার জানাজার আগে পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়।

সাহারা খাতুনের কফিনে জাসদের শ্রদ্ধা নিবেদন

শনিবার বেলা ১১টায় বনানী কবরস্থানে সাহারা খাতুনের কফিনে জাসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফিউদ্দিন মোল্লা, জাসদ নেতা কাজি মতিউর রহমান মতি, নুরুল ইসলাম নুরু প্রমুখ।