সরকারি রাস্তাসহ জমি দখলের প্রতিবাদ করায় উলটো মামলার হুমকি!

আপডেট : ১১ জুলাই ২০২০, ২২:৪৮

গাজীপুরের কালীগঞ্জে নাগরী ইউনিয়নের দোয়ানীরটেক গ্রামে সরকারি বরাদ্দের রাস্তার ইট তুলে ফেলে গাছ লাগিয়ে ও গরুর খামার তৈরি করে সেই রাস্তাসহ ৫ বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে ঐ গ্রামের সেন্টু ক্রুশ ও তার পরিবারের বিরুদ্ধে। দখলের প্রতিবাদ করায় উলটো মামলা করে হয়রানির হুমকি দেওয়া হয়েছে। ক্রয়সূত্রে জমির মালিক রানা মিয়া সম্প্রতি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।   

উপজেলার নাগরী ইউনিয়নের মিরেরটেক গ্রামের তোতা মিয়ার ছেলে রানা মিয়া জানান, তিরিয়া গ্রামের মৃত নিকোলাস রোজারিওর ছেলে বিজয় জেমস রোজারিওর কাছ থেকে চলতি বছরের শুরুর দিকে ওই ইউনিয়নের দোয়ানীরটেক মৌজায় আরএস ৪ নম্বর খতিয়ানে কয়েকটি দাগে ১ একর ৭৬ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু ঐ জমি জোরপূর্বক দখল করে রেখেছে একই গ্রামের সেন্টু ক্রুশ ও তার পরিবার। বিজয় রোজারিওকে জমি ছেড়ে দেওয়ার জন্য দীর্ঘদিন যাবত্ নানাভাবে হুমকিধমকি দিয়ে আসছিল সেন্টু ক্রুশের ছেলে শাওন ক্রুশ ও তার সন্ত্রাসী বাহিনী। এই জমি ছাড়াও তারা গ্রামের বেশ কয়েকজনের জমি জোরপূর্বক দখল করে রেখেছে। রানা মিয়া বলেন, তার ক্রয়কৃত জমিতে গেলে তাকেও সেন্টু, শাওন ও তাদের ভাড়া করা সন্ত্রাসী বাহিনী ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয়, যে কারণে তিনি তার ক্রয়কৃত জমির দখল নিতে পারছেন না। দোয়ানীরটেক গ্রামের স্ট্যানলি রোজারিওর পরিবারও জানায়,  একই বাহিনী বিভিন্ন সময়ে নানারকম মিথ্যা মামলা দিয়ে ও নির্যাতন করে বাড়ি থেকে তাদের বিতাড়িত করেছে। এমনকি তাদের ক্রয়কৃত জমির দখল নিতেও বাধা দিচ্ছে। জানা গেছে, স্থানীয় জনপ্রতিনিধি অরুণ              রোজারিওসহ এলাকার নেতৃবৃন্দ সেন্টু ক্রুশ ও ছেলে শাওন ক্রুশকে এসব অবৈধ কর্মকাণ্ড করতে বারবার নিষেধ করলেও তারা তা মানছে না।

এসব অভিযোগের ব্যাপারে সেন্টু ক্রুশের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তা বন্ধ পাওয়া গেছে। পরে ছেলে শাওন ক্রুশ এই প্রতিবেদককে বলেন, ‘অভিযোগ সঠিক না। রাস্তা তাদের জায়গায় পড়েছে তাই ইট তুলে গাছ লাগান হচ্ছে।’