ইন্দো-চীন সীমান্তের বিতর্কিত ফিঙ্গার-৪ এলাকায় ক্রমশ কমছে চীনা সেনার উপস্থিতি। তবে চীনা নির্মাণ, তাঁবু ও শেড এখনো ঐ এলাকায় রয়েছে। ভারতের মিডিয়া এনডিটিভির হাতে আসা ১০ জুলাইয়ের উপগ্রহ চিত্রে তেমন ছবিই দেখা গেছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, উপগ্রহের চিত্র বলছে যে, চীনা সেনাবাহিনী পুরোপুরি ২ কি.মি. সরে গেছে এমন দাবি করা যাবে না। চীনা হোভারক্রাফট প্যাংগং লেক সংলগ্ন এলাকায় পড়ে আছে। এমনকি ১০টি বড় মাপের নৌকাও ফিঙ্গার-৪ এলাকার পূর্ব প্রান্তে ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। প্যাংগং লেকের ফিঙ্গার-৪ এলাকায় চীনের বাহিনীর গতিবিধি পরিলক্ষিত হয়েছিল। তাঁবু থেকে সামরিক সজ্জা সরানোর উদ্যোগ নিয়েছে সেই দেশের বাহিনী।
সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা গেছে, এলএসির ডি-ফ্যাক্টো বর্ডার এলাকায় অবস্থান করছে চীনা বাহিনী। সেখানেই তাদের অবস্থানের কথা। যে চারটি জায়গা থেকে বাহিনী সরাবে দুই বাহিনী, সেগুলো হলো লাদাখ গালওয়ান উপত্যকা, হটস্প্রিংস, গোগরা এবং প্যাংগংয়ের ফিঙ্গার রিজিয়ন। এদিকে উপগ্রহ চিত্রে দেখা গেছে, কিছু জায়গায় নির্মাণগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং জায়গাটি পরিষ্কার। এই এলাকাটি পেট্রোল পয়েন্ট ১৪ নম্বরে, যেখানে ১৫ জুন লাঠি, রড, পাথর নিয়ে সংঘর্ষ হয় ভারত ও চীনের সেনার মধ্যে। সরকারি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে সব এলাকা থেকে চীনের সরে যাওয়া নিয়ে ভারত ‘সাবধানীভাবে আশাবাদী’ এবং দুই দেশের মধ্যে ঐ সময়ের মধ্যে সেনা পর্যায়ের আরো উচ্চস্তরের বৈঠক হবে বলে মনে করা হচ্ছে।
