সেনবাগে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

আপডেট : ১১ জুলাই ২০২০, ২২:৫৫

সেনবাগে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক প্রতিবন্ধী তরুণীর ধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম হোসেন (২৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে সেনবাগ উপজেলার অজুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। আকরাম হোসেন উত্তর মানিকপুর গ্রামের মৃধা বাড়ির আবদুল গফুরের ছেলে।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, ‘সেনবাগের মানিকপুর গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ করা হয়। সেই মামলার পলাতক প্রধান আসামি আকরাম হোসেন এলাকায় অবস্থান করছে জানতে পেরে পুলিশ তাকে গ্রেফতার করতে যায়। অভিযান টিমে ওসি তদন্ত ইকবাল হোসেন, এসআই জসিম উদ্দিন, এসআই নাজমুল, এএসআই লোকেন মহাজন, কনস্টেবল জিয়া ও এমরান হোসেন ছিলেন। রাত আড়াইটার দিকে আকরামকে ধরতে তার গ্রামের বাড়িতে পৌঁছলে তিনি ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে। পুলিশও গুলি ছুড়ে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে আকরামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশেরও কয়েকজন সদস্য আহত হয়েছেন।’