বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানাম গেব্রেসিয়াস বলেছেন, করোনা ভাইরাস আমাদের সকলের শত্রু। আমরা বিভক্ত হয়ে এই মহামারিকে মোকাবিলা করতে পারব না। আমরা যদি শত্রুকে সুবিধা দিই, তাহলে গোটা বিশ্বকে ধ্বংস করে ফেলবে। জেনেভায় সংস্থার সদরদপ্তরে এক ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। খবর সিএনএনের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক বলেন, করোনা ভাইরাস হচ্ছে আমাদের ঐক্য ও বিশ্ব নেতৃত্বের পরীক্ষা। মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের চলে যাওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে গেব্রেসিয়াস এসব কথা বলেন। তিনি বলেছেন, যথাযথ পদক্ষেপ নিতে পারলে অবশ্যই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া ও ভারতের বস্তির উদাহরণ তুলে ধরে মহাপরিচালক বলেন, এসব দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে চলে গেলেও দ্রুত ও বলিষ্ঠ পদক্ষেপের মধ্য দিয়ে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
