এ পর্যন্ত ৪৩ জন পরিচ্ছন্নতা কর্মী আক্রান্ত ও ১২ জনের মৃত্যু হয়েছে। তাই দলিত পরিচ্ছন্নতা কর্মীদের করোনাকালে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি করা হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এ মানববন্ধন আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মনি রানী দাস। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিডিইআরএমের উপদেষ্টা জাকির হোসেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব। বিডিইআরএম সচিবালয়ের সমন্বয়কারী এ বি এম আনিসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ভীম্পাল্লী ডেভিড রাজু প্রমুখ।
রুহিন হোসেন প্রিন্স বলেন, দলিত পরিচ্ছন্নতা কর্মীদের অরক্ষিত রেখে কোনোভাবেই বাংলাদেশ করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে পারবে না। তিনি দলিত ও চা জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি সরকারকে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক প্রণোদনা প্রদান করারও দাবি জানান।
জাকির হোসেন বলেন, স্বাস্থ্য অধিদপ্তর দেরিতে হলেও পরিচ্ছন্নতা কর্মীদের অবদানের বিষয় স্বীকার করে তাদেরও স্বাস্থ্য কর্মীর সমমর্যাদায় আসীন করেছেন।
মনি রানী দাস বলেন, সারাদেশে দলিত পরিচ্ছন্নতা কর্মীদের বসবাসের জায়গা খুবই সংকীর্ণ। ফলে দলিতদের করোনায় আক্রান্ত হবার আশঙ্কা বেশি।
