পাপুলকাণ্ডে এবার কুয়েতের সেনা কর্মকর্তা গ্রেফতার

আপডেট : ১২ জুলাই ২০২০, ০১:০৩

মানব ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেন ও ঘুষ নেওয়ার অভিযোগে কুয়েতের এক সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। কুয়েতের আরবি পত্রিকা আল কাবাসের বরাত দিয়ে গালফ নিউজের এক? খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অ্যাসিসট্যান্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে গ্রেফতার করা হয়েছে।

ঘুষের বিনিময়ে পাপুলের বেশ কিছু কাজ দ্রুত অনুমোদন করিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে । তিনি কুয়েতের নাগরিকত্ব, পাসপোর্ট ও বসবাসের অনুমতিবিষয়ক দপ্তরের অ্যাসিসট্যান্ট আন্ডার সেক্রেটারি ছিলেন। বাংলাদেশি এমপি পাপুল রিমান্ডে যাদের নাম বলেছেন তাদের মধ্যে মাজেন আল-জারাহ অন্যতম। ২৩ হাজারের বেশি কর্মীর এন্ট্রি ভিসার অনুমোদনের জন্য ঘুষ দেওয়ার কথা রিমান্ডে জানিয়েছেন এমপি পাপুল। জুনের শেষদিকে মাজেন আল-জারাহকে বরখাস্ত করা হয়। গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কুয়েতের পাবলিক প্রসিকিউশন। ঐ পরোয়ানার ভিত্তিতেই শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে এমপি পাপুলকে গ্রেফতার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক তিনি। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর এখন তাকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।