কালিয়াকৈরে এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ বসতবাড়ি ভস্মীভূত

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:৪৯

কালিয়াকৈর (গাজীপুর ) সংবাদদাতা

কালিয়াকৈরে  এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে  উপজেলার কারলসুরিচালা এলাকার সোনামুদ্দি মোল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মালামালসহ বসতবাড়ির ৩টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।

জানা যায়, ওই দিন দুপুরে এলপি  গ্যাসের  সিলিন্ডার বিস্ফোরণ হয়ে উপজেলার কারলসুরিচালা  গ্রামের সোনামুদ্দিন মোল্লার বসতবাড়ির একটি কক্ষে  অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  মুহূর্তেই  আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।  প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে  আধা ঘণ্টা  চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল আলম  বিষয়টি নিশ্চিত করেছেন।