করোনায় আক্রান্ত নন জয়া-অ্যাশ-আরাধ্যা

আপডেট : ১২ জুলাই ২০২০, ১৩:৫৩

বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে পরিবারের অন্য সদস্যদের নিয়ে চিন্তা বাড়ছিল ভক্তদের। 

একই পরিবারের দুইজন সদস্য অসুস্থ হওয়ায় ধারণা করা হচ্ছিল, অন্যরাও সংক্রমিত হতে পারেন। তবে তা হয়নি। ভালো আছেন অমিতাভের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন। এছাড়া অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং তার কন্যা ছোট্ট আরাধ্যার দেহেও করোনা শনাক্ত হয়নি। তাদের তিন জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে খবর পাওয়া গেছে।

নানাবতী হাসপাতাল আজ (১২ জুলাই) সকালে বিষয়টি ভারতীয় গণমাধ্যম জি-নিউজকে নিশ্চিত করেছে। এ বিষয়ে মুম্বাইয়ের মেয়র কিশোরী পান্ডেকার বলেন, জয়া বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের করোনা পরীক্ষা গত রাতে করা হয়। তারা করোনায় আক্রান্ত নন। তবে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আবার তাদের পরীক্ষা করা হবে। 
 
এদিকে, গতকাল অমিতাভ বচ্চন নিজে টুইটারে তার আক্রান্ত হওয়ার খবরটি জানান। এরপর থেকে ভক্ত মহলে শোরগোল শুরু হয়ে যায়। ঠিক এর কিছুক্ষণ পর একই ভাবে অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত হওয়ার খবরটি দেন।  অমিতাভ ও অভিষেক বচ্চন দুজনেই ভাল আছেন। তাদের শরীরে মৃদু উপসর্গ থাকলেও অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইত্তেফাক/এআর