রামগতিতে সোনালী ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের করোনা শনাক্ত

আপডেট : ১২ জুলাই ২০২০, ১৬:৪৯

লক্ষ্মীপুরের রামগতিতে ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও চারজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, শনিবার (১১ জুলাই) রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্ত এই চারজন নিয়ে রামগতিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে।

আক্রান্তদের মধ্যে রয়েছেন, সোনালী ব্যাংক চর আলেকজান্ডার শাখার ব্যবস্থাপক, চরগাজী ইউনিয়নের চরলক্ষী গ্রামের স্বামী-স্ত্রী দুইজন। তারা দুজনেই একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা উপসর্গ নিয়ে নিহত স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিনের স্কুল পড়ুয়া ছেলে। তার বাড়ি রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিক্ষাগ্রাম এলাকায়।

এদিকে সোনালী ব্যাংক চর আলেকজান্ডার শাখা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ওই শাখার ব্যবস্থাপকের শরীরে শনিবার করোনাভাইরাস শনাক্ত হওয়ায় রবিবার সকাল থেকে শাখাটি লকডাউন করা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই শাখায় লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহিম জানান, গত ২৪ ঘণ্টায় রামগতি উপজেলার ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের জ্বর-সর্দি-কাশিসহ বিভিন্ন উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের নিজ নিজ বাসস্থানে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

এছাড়া সোনালী ব্যাংক চর আলেকজান্ডার শাখার ব্যবস্থাপকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ব্যাংকের ওই শাখাটি লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই শাখায় লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ব্যাংকের অন্য কর্মকর্তা ও কর্মচারীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

তিনি আরও জানান, নতুন আক্রান্ত এই চারজন নিয়ে রামগতিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। এর আগে একজন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, দুইজন উপ-সহকারী মেডিক্যাল অফিসার, একজন ইন্টার্ন ডাক্তার, জরুরি বিভাগের একজন সহকারী, মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব), তিনজন স্বাস্থ্যকর্মী, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের চারজন কর্মকর্তা-কর্মচারী, রামগতি থানার একজন এসআই. দুইজন পুলিশ কনস্টেবলসহ ৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে একজন স্কুল শিক্ষক মারা গেছেন, একজন হাসপাতালে চিকিৎসাধীন, ৩০ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন এবং ৩৫ জন সুস্থ হয়েছেন।

ইত্তেফাক/আরএ