বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঈশ্বরদী পৌর এলাকার বাবু পাড়ায় রহিদুজ্জামান রনক (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছে। রবিবার তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রনক সাবেক পৌর কাউন্সিলর মৃত আসাদুজ্জামান পিন্টু ওরফে গুরু পিন্টুর ছেলে ও ঢাকা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রনক গোসল করে ভেজা লুঙ্গি তারে শোকানোর জন্য মেলে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারটি যে বৈদ্যুতিক তারের সাথে সংযুক্ত ছিল রনক তা বুঝতে পারেনি। অচেতন অবস্থায় তাকে ঈশ্বরদী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন জানান, বিশ্ববিদ্যালয় ছাত্র রনক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। থানায় ইউডি মামলা গ্রহণ করা হয়েছে। রনকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইত্তেফাক/আরএ
