আড়াল ভেঙে আসছে লিডার

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:০০

একটি সমাজ এগিয়ে যায় ভালো একজন লিডারের জন্য। তেমনি সমাজ পিছিয়েও যায় ভালো লিডারের অভাবে। আমাদের বেশিরভাগ লিডার কী করেন আর সমাজের মঙ্গলের জন্য তাদের আসলে কী ভূমিকা রাখা উচিত? এসব প্রশ্ন তুলে জাতীয় সংসদ নির্বাচনের এই প্রবল উত্তাপের মুখে চলচ্চিত্র অঙ্গনে উত্তাপ ছড়াতে হাজির হয়েছেন তরুণ নির্মাতা দিলশাদুল হক শিমুল। তার পরিচালনায় ‘লিডার’ ছবিটি আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে, এটা ছিল পুরনো খবর। নতুন খবর হলো, পিপলু খানের ডকু-ড্রামা ‘হাসিনা :অ্যা ডটারস টেল’ ওই একইদিনে আগামীকাল মুক্তি পাবে। এদিকে নির্বাচনের তারিখও ২৩ ডিসেম্বর থেকে পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়েছে। এসব সার্বিক কারণে লিডারের পরিচালক জানাচ্ছেন যে, ‘লিডার’ মূলত ব্যাপক পরিসরে মুক্তি পাবে ২৩ নভেম্বর। ‘লিডার’ ছবি নিয়ে শিমুলের সংগ্রাম প্রায় চার বছরের। নিজেকে ‘ইনডিপেনডেন্ট ফিল্মমেকার’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন তিনি। স্বাধীন ফিল্মমেকারের চলার পথ সবসময়ই কাঁটা বিছানো থাকে। দিলশাদুল হক শিমুলের ক্ষেত্রেও সেইসব কাঁটা ক্ষতবিক্ষত করেছে। অবশেষে ‘সকল কাঁটা ধন্য করে’ তিনি ‘লিডার’কে দর্শকদের সামনে হাজির করতে পারছেন, সেটা অনেক বড় ব্যাপার। দিলশাদুল হক শিমুলের মাথার ভিতরে ছবি নির্মাণের পোকা ঢুকিয়েছেন ‘মাটির ময়না’খ্যাত নির্মাতা তারেক মাসুদ। শিমুলের প্রথম নির্মাণ তারেক মাসুদকে নিয়েই। ‘সুলতান’ নামের তথ্যচিত্রটি নির্মাণের সময় তারেক মাসুদের কাছে শিমুল শিখেছেন কী করে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের বন্ধ দরজা ভেঙে ভেঙে সামনে এগোতে হয়। মোস্তফা সরয়ার ফারুকীর নিরন্তর সঙ্গ-সাহচর্য শিমুলকে উদ্দীপ্ত করেছে, অনুপ্রাণিত করেছে নতুন দৃষ্টিকোণ থেকে চলচ্চিত্র নির্মাণের। শিমুল চেয়েছেন সেই ধরনের ছবি বানাতে, যা সমকালীন। আমাদের দর্শকরা একই ধরনের কাহিনি আর নির্মাণ দেখে দেখে দেশীয় চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। অথচ প্রতিবেশি দেশের আধুনিক ও বৈচিত্র্যভরা নির্মাণের প্রতি ঠিকই আসক্ত হচ্ছেন আমাদের দর্শক। তাহলে আমাদের ঘাটতি কোথায়? আমরাও কি চমকপ্রদ স্মার্ট কাহিনি নিয়ে জাগিয়ে তুলতে পারি না আমাদের চলচ্চিত্রকে? এ প্রসঙ্গে পরিচালক শিমুলের সাফ জবাব ছিল এমন, ‘ফোরজির এই যুগে আমাদের দর্শক এখন হলিউডের সাথে ঢালিউডের ছবি মিলিয়ে দেখার সুযোগ পাচ্ছেন। যদি ভালো গল্প ও ছবির মান ভালো না হয় তা হলে দর্শক কী করে বাড়বে? আর এভাবে দর্শকবিমুখ হতে থাকলে আমাদের চলচ্চিত্র শিল্পও ক্রমশ ধ্বংসের দিকেই যেতে থাকবে। সুতরাং চলচ্চিত্রের স্বার্থেই আমাদের ভালো মৌলিক গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। শুধু একচেটিয়া প্রেম-ভালোবাসার গল্প নিয়ে এখন আর কেউ সিনেমা দেখতে হলে আসেন না। মূলত এসব ভাবনা থেকেই আমি চলচ্চিত্রের আঙ্গিনায় পা রেখেছি।’ কিন্তু নতুন ভাবনা কি সহজে নিতে পারি আমরা? এ জন্য তিন দফায় কর্তনের পর ‘লিডার’-এর সেন্সর ছাড়পত্র পেতে হয়েছে শিমুলকে। বিচিত্র ধরনের অসহযোগিতা পেয়েছেন অভিনয় শিল্পীদের কাছ থেকেও। সার্বিকভাবে ‘লিডার’ নির্মাণ করতে গিয়ে পরিচালককে এত বিচিত্র ধরনের বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে যে, সেই অভিজ্ঞতা দিতেও অসাধারণ একটি চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব বলে মনে করেন শিমুল। সকল প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে, সকল ধরনের আড়াল ভেঙে অবশেষে ২৩ নভেম্বর দেশব্যাপী উত্তেজনা ছড়াতে আসছে ‘লিডার’। ‘লিডার’ ছবিতে রাজনৈতিক নেত্রীর চরিত্রে অভিনয় করেন চিত্রনায়িকা মৌসুমী। আরও অভিনয় করেছেন ওমর সানি, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ।