g রয়টার্স
ইতালিতে উত্তর কোরিয়ার একজন কূটনীতিক নিখোঁজ হয়েছেন বলে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার এক এমপি। জো সং-গিল নামের এ কূটনীতিক রোমে উত্তর কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিলেন। গিল একটি পশ্চিমা দেশে আশ্রয়প্রার্থনা করছিলেন বলে দক্ষিণ কোরিয়ার এক পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর তার নিখোঁজ হওয়ার খবর এল।
গিল গত নভেম্বরের শুরুর দিকে কোনো নোটিস না দিয়েই দূতাবাস ত্যাগ করার পর সস্ত্রীক উধাও হয়ে যান। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার কাছ থেকে বৃিফিং পাওয়ার পর সাংবাদিকদের একথা জানিয়েছেন দেশটির এমপি কিম মিন-কি।
একইদিনে দক্ষিণ কোরিয়ার ‘জুংঅং ইলবো’ দৈনিক পত্রিকা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, জো সং গিল পশ্চিমা একটি দেশে আশ্রয়প্রার্থনা করেছিলেন এবং ইতালি সরকারের সুরক্ষায় তিনি তার পরিবার নিয়ে নিরাপদ জায়গাতেই আছেন।
তবে খবরটি নিশ্চিত হওয়া যায়নি এবং গিল ইতালিতে আছেন কিনা তাও নিশ্চিত না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ব্লু হাউজও এর আগে এ ব্যাপারে কোনো কিছু জানা নেই বলে জানিয়েছেন।
২০১৭ সালের অক্টোবরে ইতালিতে উত্তর কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হয়েছিলেন গিল। জাতিসংঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে ইতালি তত্কালীন উত্তর কোরীয় রাষ্ট্রদূত মুন জং ন্যামকে বহিষ্কার করার পর দায়িত্ব নেন গিল। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গতবছর নভেম্বরেই। আর ওই মাসেই তিনি উধাও হন।
