স্পোর্টস ডেস্ক
আতালান্তার বিপক্ষে হারের শঙ্কাই পেয়ে বসেছিল জুভেন্তাসকে। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ভর করে ২-২ ড্র করতে সক্ষম হয় দলটি। এতে করে কোচ মাউরিজিও সারির শিষ্যরা টানা নবম লিগ শিরোপার খুব কাছেও চলে এসেছে।
চলতি মৌসুমে সিরি’আয় সবচেয়ে বেশি গোল করা দলটি শনিবার রাতে জুভেন্তাসের মাঠে ১৬ মিনিটেই এগিয়ে যায়। দুভান জাপাতার পা থেকে আসে গোলটি। পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া জুভেন্তাস সমতা ফেরায় ৫৫ মিনিটে, রোনালদোর পেনাল্টি থেকে। সফরকারীরা ৮০ মিনিটে রুসলান মালিনোভস্কির গোলে এগিয়ে গেলে বড় শঙ্কাই জাগে জুভেন্তাস শিবিরে। তবে ৯০ মিনিটে আবারও রোনালদোর পেনাল্টিতে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।
এই ড্রয়ের ফলে ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শিরোপার আরো এক ধাপ কাছে চলে এসেছে সারির শিষ্যরা। রোনালদো নিজেও অনন্য এক কীর্তির কাছাকাছি চলে এসেছেন। মৌসুমের ২৮তম গোলটি করেছেন তিনি। আর পাঁচ গোল করলেই সিরি’আর সর্বোচ্চ গোলের ৮৬ বছরের পুেরানো রেকর্ডটিও ভেঙে দেবেন রোনালদো। ১৯৩৩-৩৪ মৌসুমে ৩২ গোল করে ফেলিস বোরেল এ কীর্তিটি গড়েছিলেন।
আর ইউরোপিয়ান গোল্ডেন শুরু দৌড়েও দারুণভাবেই আছেন তিনি। ২৯ গোল নিয়ে রোনালদোর চেয়ে একটু এগিয়ে আছেন ল্যাজিও ফরোয়ার্ড কিরো ইমোবিলে। আর ৩৪ গোল নিয়ে তালিকায় ওপরে আছেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি।
