মোসাদ্দেকের দ্বিতীয় বিয়ে

আপডেট : ১২ জুলাই ২০২০, ২১:৪৯

স্পোর্টস রিপোর্টার

বছর দুয়েক আগে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। সম্প্রতি ক্রিকেট নিয়ে ব্যস্ততা না থাকায় আবারও বিয়ে করলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ময়মনসিংহে শুক্রবার পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। তার স্ত্রীর নাম উম্মে তামান্না, বাড়ি ময়মনসিংহ শহরের তালতলা এলাকায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার রাতে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে ২৪ বছর বয়সি মোসাদ্দেক লিখেছেন, ‘জীবনের নতুন যাত্রা শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন।’

২০১২ সালে খালাতো বোন সামিরা শারমিনকে বিয়ে করেছিলেন মোসাদ্দেক। পরে তাদের মধ্যে বনিবনা না হওয়ার খবর প্রকাশ্যে আসে। ২০১৮ সালে মোসাদ্দেক ও তার মায়ের বিরুদ্ধে মামলা করেন সামিরা। তার অভিযোগ ছিল, ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছেন মোসাদ্দেক।

তবে মোসাদ্দেক তখন বলেছিলেন, বিয়ের পর থেকেই তাকে পরিবার ছেড়ে আলাদা সংসার করতে চাপ দিচ্ছিলেন সামিরা। এই নিয়ে তার মায়ের সঙ্গে ঝগড়া করায় ও গায়ে হাত তোলায় স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন তিনি।