আসছে সংসদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:০২

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা ড. মাসুদ পথিক অংশ নিতে যাচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এ লক্ষ্যে গত রবিবার ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোয়নপত্রও সংগ্রহ করেছেন। তিনি নরসিংদী-৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করবেন বলে জানিয়েছেন। মাসুদ পথিক বলেন, ‘আজ আমি মনোনয়নপত্র কিনেছি। এটা আকস্মিক কিছু নয়। দীর্ঘ ২৪ বছর ধরেই আমি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। ফলে আমার জন্য এটা স্বাভাবিক একটা বিষয়। এখন মনোনয়নপত্র কিনেছি, নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে নির্বাচন করব। আর না হলে নেত্রী যাকে মনোনয়ন দেবেন তার হয়ে কাজ করব। তবে আমি আশাবাদী।’ ড. মাসুদ পথিক আরও বলেন, ‘নির্বাচনী আসন নরসিংদী-৫ রায়পুরা থেকে সংসদ নির্বাচন করতে চাই। মনোনয়ন পেলে নেত্রীর স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করব। ডিজিটাল বাংলার উন্নয়নের ধারাকে আরও বিকশিত করতে মাটি ও মানুষের মেলবন্ধন ঘটাতে চাই। রাজনীতি-সংস্কৃতির বিভেদ ঘোচাতেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, স্কুলজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত মাসুদ পথিক। তারই ধারাবাহিকতায় ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও সম্পাদক। কেন্দ্রীয় ছাত্রলীগের নিয়মিত প্রকাশনা ‘মাতৃভূমি’র সম্পাদনা করেছেন টানা আট বছর। তারপর কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটি দিয়ে শুরু করে আওয়ামী লীগের হয়ে নিয়মিত কাজ করে চলেছেন। মাঝে প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য হিসেবেও কাজ করেন। ছিলেন প্রথম পর্যায়ের সহসম্পাদক। বর্তমানে তথ্য ও গবেষণা উপকমিটি এবং নির্বাচন সাব কমিটিতে কাজ করছেন তিনি। ওয়ান ইলেভেনের সময় ছিলেন স্বক্রিয় কর্মী। পার্টি অফিসে নিয়মিত যাতায়াত করতেন। ওই সময় ‘গণতন্ত্র মুক্তি পাক :জননেত্রী শেখ হাসিনা’ নামের বই সম্পাদনার সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগের প্রযোজনায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে নির্মাণ করেন তথ্যচিত্র ‘আলোর পথের সারথি’।  প্রথম থেকেই কেন্দ্রীয় আওয়ামী লীগের নিয়মিত প্রকাশনা মাসিক উত্তরণের সহ সম্পাদক হিসেবে কাজ করেছেন। তা ছাড়া আওয়ামী লীগের অনেক প্রকাশনা ও চিন্তাশীল কাজের সাথে নিবিড়ভাবে জড়িত রয়েছেন।  নিজের নির্বাচনী আসন নরসিংদীর রায়পুরায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কাজের সঙ্গে শৈশব থেকে যুক্ত আছেন। তার নানা জাতীয় কৃষকনেতা ফজলুল হক খন্দকারের সামাজিক কাজগুলোর সহযোগী ছিলেন বরাবর। তা ছাড়া অনেক সাস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত। অটিজম নিয়ে চলচ্চিত্র সংগঠন করেছেন, করছেন সিনেমাও। লেখক ও চলচ্চিত্র পরিচালক মাসুদ পথিক পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিও। ২১টি গ্রন্থের এই প্রণেতা পেয়েছেন কালি ও কলম এইচএসবিসি ব্যাংক পুরস্কারসহ ১৯টি পদক। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তার হাতে নির্মাণাধীন আছে বেশকিছু চলচ্চিত্র। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা।