নির্বাচনে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুরা শঙ্কাহীনভাবে ভোট দিতে পেরেছে। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাজাকার, স্বাধীনতাবিরোধী ও সামপ্রদায়িকতামুক্ত সংসদ গঠিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করছি, সংসদে সরকারি ও বিরোধী দল ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার রক্ষায় নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকার ঘোষণা করেছে, তা যথার্থভাবে পালন করবে। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
নির্বাচনে দেশের সংখ্যালঘু সমপ্রদায়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। তিনি বলেন, এবারের নির্বাচনে সামপ্রদায়িকতা এবং ধর্মান্ধতাকে কোনো রাজনৈতিক দল ব্যবহার করেনি। ফলে নির্বাচনে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুরা শঙ্কাহীনভাবে ভোট দিতে পেরেছে। এ জন্য আমরা সরকার, নির্বাচন কমিশনসহ রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
সংসদনেতা হিসেবে শেখ হাসিনা আবারো নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে রানা দাসগুপ্ত বলেন, আওয়ামী লীগ সুনির্দিষ্টভাবে তার নির্বাচনী ইশতেহারে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নির্মূলের পাশাপাশি সামপ্রদায়িকতার বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতির অঙ্গীকার করেছে। এটি আক্ষরিকভাবে কার্যকর করতে ভবিষ্যত্ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
রানা দাশগুপ্ত বলেন, নির্বাচনের আগে ও পরে ফেনীর সোনাগাজী, ঠাকুরগাঁও সদর উপজেলা, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা, পিরোজপুরের স্বরূপকাঠিসহ কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এসব ঘটনা মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। দুর্বৃত্তদের কাউকে কাউকে আটক করা হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া হয়েছে। এতে সংখ্যালঘুদের মধ্যে আস্থা ফিরে এসেছে।
সংবাদ সম্মেলনে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংবাদ সম্মেলনে সভা-প্রধানের দায়িত্ব পালন করেন সংগঠনটির সভাপতি হিউবার্ট গোমেজ। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতিমন্ডলীর সদস্য কাজল দেবনাথ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, সাংগঠনিক সম্পাদক দীপংকর ঘোষ প্রমুখ।
