সাহেদকে আত্মসমর্পণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:৫৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের বিদেশ যাওয়ার সুযোগ নেই। সাহেদকে খোঁজা হচ্ছে, তাকে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় গ্রেফতার করা হবে। আমরা খুঁজছি, আশা করি শিগিগর তাকে ধরতে সক্ষম হবো। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও চামড়া পাচার রোধকরণ এবং শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ প্রাসঙ্গিক  বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

সাহেদকে গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে খুঁজে বের করবে। তবে তার উচিত আত্মসমর্পণ করা। সাহেদকে ধরতে র্যাব-পুলিশ খুঁজছে। আশা করি, খুব শিগিগর তা জানাতে পারব।

সাহেদ এখন কোথায় আছেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহেদ কোথায় সেটা সাহেদ জানে। পুলিশ এবং র্যাব সে (সাহেদ) কী ধরনের অন্যায় করেছে সেগুলো ইনকোয়ারি করছে। তদন্ত রিপোর্ট এলে আমি আপনাদের জানাতে পারব, তার অন্যায়ের গভীরতাটা কতটুকু।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সে যে অন্যায় করেছে তার জন্য ইতিমধ্যে র্যাব ব্যবস্থা নিয়েছে। তাকে খোঁজা হচ্ছে। যেখানেই থাকুক তাকে আত্মসমর্পণ করতে হবে, না হয় পুলিশ তাকে ধরে ফেলবে।

উল্লেখ্য, গত ৭ জুলাই উত্তরায় রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযানে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, চিকিত্সায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগসহ নানা অনিয়মের সত্যতা মেলে। এরপর রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়, উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সাহেদের বিরুদ্ধে মামলা করেছে র্যাব। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।