বর্ণবাদী লেখার জেরে ফক্স নিউজের লেখকের পদত্যাগ

আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:৫৪

ছদ্মনামে অনলাইনে বর্ণবাদী পোস্ট এবং যৌনতা নিয়ে মন্তব্য করে ফেঁসে গেছেন ফক্স নিউজের টক শো ‘টকার কলসন টুনাইট’-এর শীর্ষ লেখক ব্লেক নেফ। মার্কিন টিভি চ্যানেল সিএনএনয়ের অনুসন্ধানে নেফের এ কর্মকাণ্ড সামনে আসার পর তিনি পদত্যাগ করেন। ২০১৭ সালে ‘টকার কলসন টুনাইট’ এ যোগ দেন নেফ। তিনি এ অনুষ্ঠানের সেরা লেখকদের একজন হয়ে উঠেছিলেন। সিএনএনয়ের অনুসন্ধানে দেখা গেছে, নেফ ‘অটোঅ্যাডমিট’ নামের একটি গোপন ওয়েবসাইটে ‘চার্লসটুয়েলভ’ ছদ্মনামে নিয়মিত লিখতেন এবং সেখানে অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করে মন্তব্য করতেন।—খবর বিবিসির।

নেফের এ কাণ্ডকে ‘ভয়ংকর এবং খুবই আক্রমণাত্মক’ বলে বর্ণনা করেছে ফক্স নিউজ। তবে অভিযুক্ত কলসন এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ছদ্মনামে নেফের বহু পোস্টে আফ্রিকান-আমেরিকান, এশিয়ান-আমেরিকান এবং নারীদের নিয়ে অপমানজনক অনেক মন্তব্যও আছে। গোপন এক সূত্রে সিএনএন জানতে পারে ‘চার্লসটুয়েলভ’ আসলে নেফ। এরপর অনুসন্ধান শুরু হলে থলের বেড়াল বেরিয়ে আসে। ফক্স নিউজ স্টাফদের কাছে পাঠানো একটি মেমোতে জানায়, নেফের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং তিনি আর এ সম্প্র্রচার মাধ্যমে নেই। বিষয়টি নিয়ে তারা খুবই বিব্রত বলে জানায়। একই সঙ্গে কঠোর নিন্দা জানানো হয়েছে। ফক্স নিউজ কর্তৃপক্ষ বলেছে, ‘তিনি যে ধরনের কাজ করেছেন তা ফক্স নিউজ পরিবার কখনো সহ্য করেনি, ভবিষ্যতেও করবে না।’