সাভারের আশুলিয়ায় এক নারীকে বাসের ভিতরে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে বাসের চালকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার (১৩ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- গোপালগঞ্জ জেলার কাশীয়ানি থানা এলাকার মহির উদ্দিনের ছেলে সহিদুল ইসলাম (২৮), কিশোরগঞ্জ জেলার বাজিদপুর থানার গাজারিয়ার গ্রামের ফেরদৌসের ছেলে আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের চালক আরিফ (১৮) এবং লক্ষীপুর জেলার সদর থানার যোগমেন গ্রামের কামরুল ইসলামের ছেলে সজীব (১৯)। ধর্ষণ চেষ্টার শিকার ওই নারী বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে জীবিকা নির্বাহ করেন বলে জানিয়েছে পুলিশ।
আরো পড়ুনঃ চবির ঝর্ণায় ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে রবিবার রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ভুক্তভোগী ওই নারীর সাথে আটককৃত ওই ৩ জনের দেখা হয়। পরে ওই নারীসহ তারা ৪ জন পলাশবাড়ী সড়ক দিয়ে হাটছিল। একপর্যায়ে ওই নারীকে সড়কের পাশে দাড়িয়ে থাকা আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের ভিতরে উঠিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় আটককৃতরা। এসময় ওই নারীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে বাসের চালকসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। সোমবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমএএম
