বাদলা দিনে রিমঝিম বৃষ্টিতে ঘরে বসে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। সময়ের পরিক্রমায় খিচুড়িতে এসেছে রকমফের। নানারকমের খিচুড়ি শুধু রসনাবিলাসীদের তৃপ্তিই মেটায় না, মনে করিয়ে দেয় খাবারে বাঙালিয়ানার ঐতিহ্য। এমনই ৩ রকমের খিচুড়ি নিয়ে এবারের রেসিপি
ভুনা খিচুড়ি
উপকরণ :পোলাওয়ের চাল ১ কেজি, মসুর ডাল ২০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, দারুচিনি/এলাচ ৮-৯টি, তেজপাতা ২-৩টি, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৮-৯টি, ঘি আধা কাপ, লবণ পরিমাণমতো, হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ।
প্রণালি :প্রথমে পোলাওয়ের চাল ও মসুর ডাল একসঙ্গে ধুয়ে ঝাড়িয়ে রাখুন। এবার একটি পাত্রে ঘি দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজুন। ভাজা হয়ে গেলে তাতে আদা-রসুন বাটা ও হলুদ দিয়ে কিছুক্ষণ কষান। কষানো হয়ে গেলে চাল ও ডাল দিয়ে কিছুক্ষণ ভাজুন। ভাজা হয়ে গেলে মেপে পানি দিন এবং কাঁচা মরিচ ও দারুচিনি, এলাচ, তেজপাতা ও লবণ দিয়ে দমে বসিয়ে দিন। এবার ২ টেবিল চামচ ঘি উপরে দিয়ে দমে রেখে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন।
সবজি মাসালা খিচুড়ি
উপকরণ :গাজর, পটল, বরবটি, পেঁপে, চিচিঙ্গা বা আপনার পছন্দমতো সবজি ১ কেজি, পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ ১ কাপ, তেল আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৮-৯টি, তেজপাতা ২-৩টি, পৌসের দানা ও জয়ত্রি জয়ফল বাটা ১ চা চামচ, টক দই আধা কাপ।
প্রণালি :প্রথমে একটি পাত্রে তেল দিন। এবার পেঁয়াজ, আদা, রসুন দিয়ে কিছুক্ষণ ভাজুন; পৌসের দানা জয়ত্রি জয়ফল বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষান। কষা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিন। তারপর ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে রাখুন। এবার একটি পাত্রে ঘি দিন। তেজপাতা, চাল দিয়ে কিছুক্ষণ ভাজুন। এবার পানি মেপে দিয়ে কিছুক্ষণ রান্না করুন। যখন পানি শুকিয়ে আসবে তখন সব সবজি দিয়ে দমে বসিয়ে রাখুন। তারপর উপরে ১ টেবিল চামচ ঘি দিয়ে কিছুক্ষণ দমে রেখে পরিবেশন করুন।
ইলিশ খিচুড়ি
উপকরণ :পোলাও চাল ১ কেজি, ইলিশ মাছ ৮ পিস, মুগ ডাল ২০০ গ্রাম, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ৮-৯টি, দারুচিনি ও এলাচ ৮-৯টি, তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, তেজপাতা ২-৩টি, হলুদ ১ টেবিল চামচ।
প্রণালি :প্রথমে চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার ইলিশ মাছটাকে হালকা ভেজে নিন। এরপর একটি পাত্রে তেলে দারুচিনি, এলাচ ও পেঁয়াজ ভেজে নিন। তাতে আদা-রসুন ও হলুদ দিয়ে ভালো করে কষান। কষানো হয়ে গেলে এবার চাল, ডাল দিয়ে হালকা কষিয়ে নিন। এবার তেজপাতা, কাঁচা মরিচ ও পানি মেপে দিয়ে দমে বসিয়ে দিন। একটি পাত্রে অর্ধেক খিচুড়ি বের করে রাখুন। এবার ইলিশ মাছ সাজিয়ে দিন। বাকি খিচুড়ি ইলিশ মাছের উপরে দিয়ে দিন এবং ঘি ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ পর গরম গরম পরিবেশন করুন।
