সৌদি আরবে সাংবাদিক জামাল খাশোগির হত্যা তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে জাতিসংঘ। সংস্থার মানবাধিকার অফিস এই প্রশ্ন তুলেছে। দেশটিতে খাশোগির হত্যার বিচার শুরু হয়েছে। জাতিসংঘ বলছে, এই বিচার যথেষ্ট নয়। খবর আল-জাজিরা’র
মানবাধিকার অফিসের মুখপাত্র রাভিনা সামদাসানি গতকাল শুক্রবার এক বিবৃতিতে আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। এর আগের দিন বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগির হত্যায় সন্দেহভাজন ১১ জনের বিচার শুরু করার কথা জানায় সৌদি সরকার। সৌদি কৌসুলি ১১ জনের মধ্যে ৫ জনের মৃত্যুদন্ড দাবি করেন। জাতিসংঘ বলছে, তারা মৃত্যুদন্ডের বিরোধী। আর এর আগে সৌদি আরব ১৮ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল। বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচও খাশোগি হত্যার স্বাধীন তদন্ত দাবি করেছিল। গত ২ অক্টোবর তুরস্কে সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যা করা হয়। সৌদি আরব হত্যার কথা স্বীকার করলেও যুবরাজ মোহাম্মদ বিন সালমান এতে জড়িত নয় বলে দাবি করেছে। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রতিবেদনে যুবরাজের জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানা গেছে।
