ঠাকুরগাঁও প্রতিনিধি
কোরবানির ঈদকে সামনে রেখে চলমান করোনা পরিস্থিতিতেও ঠাকুরগাঁওয়ের গবাদিপশুর হাটগুলোতে আগত ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা যাচ্ছে। সদর উপজেলার বড়খোচাবাড়ি, বালিয়াডাঙ্গী উপজেলার লাহীড়ি হাটসহ জেলার বিভিন্ন পশুর হাটগুলোতে মাস্ক ছাড়াই ও সামাজিক দূরত্ব না মেনেই পশু ক্রয়-বিক্রয় করছে অনেকে। জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, কোরবানির ১৫ দিন আগ থেকে গরুর হাটগুলোতে তাদের মেডিক্যাল টিম কাজ করবে। জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম বলেন, সকলে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।
